Our Bangladesh

খেলাধুলা

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। যদিও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ও ফুটবল। ১৯৯৭ সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি জয় করে, যার ফলে ১৯৯৯ সালে প্রথমবারের মতো তাঁরা বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ পায়। সেবার প্রথম পর্বে বাংলাদেশ স্কটল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট দলকে পরাজিত করে। এছাড়া ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। ক্রিকেট দলের মধ্যে ধারাবাহিক সাফল্যের অভাব থাকলেও তাঁরা বিশ্বের প্রধান ক্রিকেট দলগুলোকে, যেমন: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকাকে হারিয়ে এসেছে। ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ দুটি দল ভারত ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করার পর এ পর্যন্ত বাংলাদেশ দুইটি টেস্ট সিরিজ জয় করেছে। প্রথমটি জিম্বাবুয়ের সাথে ২০০৪-২০০৫ বছরে, এবং দ্বিতীয়টি খুবই সাম্প্রতিকজুলাই ২০০৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে। অন্যান্য খেলার মধ্যে হকি, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি এবং দাবা উল্লেখযোগ্য। এ যাবৎ ৪ জন বাংলাদেশী - নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব এবং রিফাত বিন সাত্তার - দাবার আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার খেতাব লাভ করেছেন। বাংলাদেশের খেলাধূলা নিয়ন্ত্রণ বোর্ড ২৯টি খেলাধূলা সংক্রান্ত ভিন্ন ভিন্ন ফেডারেশন নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ২০১১ সালে যৌথভাবে ভারত ও শ্রীলংকার সাথে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে।