বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বইপত্রের বাড়তি যত্ন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। কারণ বৃষ্টির পানিতে ভিজে অথবা পোকার আক্রমণে পাতাগুলো নষ্ট হয়ে যায়। বাংলা একাডেমীর প্রধান গ্রন্থাগারিক ও ভারপ্রাপ্ত সচিব অপরেশ কুমার ব্যানার্জি বলেন, সব সময় মানুষ বই কিনে থাকে। শুধু বই কিনলেই হবে না, বইয়ের যত্নও নিতে হবে। বর্ষায় বইয়ের যত্ন সম্পর্কে তিনি কিছু পরামর্শ দিয়েছেন:-
- ঘরের মধ্যে পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন স্থানে বই রাখুন।
- বর্ষার সময় খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই বইয়ে বৃষ্টির পানি না পড়ে।
- বইয়ের তাকের আশপাশে দরজা-জানালা থাকলে বৃষ্টির সময় সেটা বন্ধ করে রাখুন।
- বৃষ্টিতে যদি বই ভিজেই যায়, তবে বই থেকে পানি মুছে ফেলে রোদে শুকিয়ে নিন।
- বইয়ের ওপর কখনো ধুলা জমতে দেবেন না। শুকনো ও নরম কাপড় দিয়ে বই নিয়মিত পরিষ্কার করুন।
- তাকের মধ্যে খাড়াভাবে বই রাখুন। চাপাচাপি করে রাখলে বই নষ্ট হয়ে যায়।
- পড়া শেষ হলে ভালোভাবে নির্দিষ্ট স্থানে বই গুছিয়ে রাখুন, যাতে পরে প্রয়োজনের সময় পেতে সুবিধা হয়।
- বইয়ের পাতা কখনোই ভাঁজ করে রাখবেন না। পাতা ভাঁজ করে রাখলে ছিঁড়ে যেতে অথবা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
- থুতু দিয়ে কখনো বইয়ের পাতা উল্টাবেন না। এতে বইয়ের পাতা নষ্ট হয়ে যেতে পারে।
- পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সে জন্য বইয়ের ভেতর ন্যাপথলিন রাখুন।
- স্যাঁতসেঁতে ও ভেজা জায়গায় বই রাখবেন না। পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, এমন স্থানে বই রাখুন।
- ৩০ থেকে ৪০ দিন অন্তর বইয়ের তাক পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করলে ভালো হয়।
- দুর্লভ বইগুলো লেমিনেট বা বাঁধাই করে রাখতে পারেন।
- নিউজপ্রিন্ট কাগজ পানি বেশি শোষণ করে। তাই এ কাগজের বইগুলোর দিকে আলাদা যত্ন নিন।


